কুমিল্লা জেলাজুড়ে চলমান কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে এক রাতেই আরও ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকাসহ জেলার প্রতিটি থানার যেসব স্পটে কিশোর বয়সী বখাটেদের উৎপাত বেশি, সেসব স্থানে একযোগে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। উঠতি বয়সের কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ব্যাপকভাবে আলোচনায় আসে। এর জের ধরে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা মহানগরী ও ১৮টি থানা এলাকায় একযোগে পুলিশ ও ডিবির এই বিশেষ অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট পাঁচ ধাপের অভিযানে ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ছাত্রসহ ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় বাকি6২৬ জনকে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।





