বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে কেনা যাবে ৩ হাজার ডলার

Published: October 8, 2026, 5:45 pm

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য মানি চেঞ্জার থেকে নগদ মার্কিন ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় একজন গ্রাহক লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো থেকে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত কিনতে পারবেন। আগে এই মাধ্যম থেকে এককালীন সর্বোচ্চ ২ হাজার ডলার কেনার সুযোগ ছিল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে জানানো হয়, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার জরুরি প্রয়োজন মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন থেকে একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে একবারে নগদ ডলার কেনার সীমা আগের চেয়ে ১ হাজার ডলার বৃদ্ধি পেল।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার নির্দিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য যেকোনো অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আগের তুলনায় বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে। বিশেষ করে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ ডলার সংগ্রহে একবারে বেশি পরিমাণ অর্থ কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin