চট্টগ্রাম বন্দরের অন্যতম প্রধান কনটেইনার হ্যান্ডলিং স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে আগামী ১৫ বছরের জন্য টার্মিনালটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। এদিকে, ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে।
চুক্তি স্বাক্ষর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম চুক্তির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ১৫ বছরের নির্ধারিত মেয়াদে ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হলেও এনসিটির জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। চুক্তি বাস্তবায়নের শুরুতে ডিপি ওয়ার্ল্ড প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি (আপফ্রন্ট ফি) প্রদান করবে। এছাড়া প্রথম ১০ বছরে টার্মিনালের আধুনিকায়ন, যন্ত্রপাতি ও প্রযুক্তির উন্নয়নে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
মন্ত্রী আরও জানান, চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে ডিপি ওয়ার্ল্ডকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে। চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল পরিচালনার রাজস্বের অংশ এবং নির্ধারিত বার্ষিক ফি পাবে। ডিপি ওয়ার্ল্ড প্রতি টিইইউএস (TEUS) কনটেইনার হ্যান্ডলিং থেকে অর্জিত আয়ের ৬৭ শতাংশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেবে। গড়ে প্রতি কনটেইনারে ১৪০ থেকে ১৫০ ডলার আয় হলে বন্দর কর্তৃপক্ষের ভাগে পড়বে ৯৩ থেকে ১০৩ ডলার।
অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ডের নির্বাহী চেয়ারম্যান এসা কাজিম বলেন, বৈশ্বিক বাণিজ্য ও উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অংশীদারির মাধ্যমে নিউমুরিং কনটেইনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের বিশ্বব্যাপী বিস্তৃত বন্দর, লজিস্টিকস অবকাঠামো এবং সরবরাহব্যবস্থার সেবা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে বর্তমানে সচল থাকা চারটি কনটেইনার হ্যান্ডলিং স্থাপনার মধ্যে এনসিটি অন্যতম প্রধান। ২০০৭ সালে কার্যক্রম শুরু করা এই টার্মিনালটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ সম্পন্ন করে থাকে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাস থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড এই টার্মিনালটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছে।





