গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের সময় একটি ককটেল গেটের বাইরের গাছে আঘাত করে এবং অপরটি ক্যাম্পাসের ভেতরে বিস্ফোরিত হয়।
এই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে একটি নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার দাবি, পরিকল্পিতভাবে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই অনুষ্ঠান শুরুর ঠিক আগে এই ঘৃণিত হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ২৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ২৫





