চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ। সে উপজেলার দারুল কুরআন মাদরাসা ও ইয়াতিমখানার হিফজুল কোরআন বিভাগের একজন নিয়মিত ছাত্র।
মেধাবী এই শিশুর গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামে। মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। আর তার মা মোসাম্মাৎ রাবেয়া আক্তার মিরসরাই সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত গভীর অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় ও আন্তরিক তত্ত্বাবধান এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই মুগ্ধ এত অল্প সময়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। এত কম বয়সে তার এই দ্রুত কোরআন হিফজ করার সাফল্যে মাদরাসার শিক্ষক, সহপাঠী, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বইছে।
মুগ্ধর এই গৌরবময় অর্জনে তার পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত করে দ্বীনের একজন যোগ্য ও শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম হিসেবে কবুল করেন—এটাই তাদের প্রত্যাশা।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১২: ২৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২: ২৮





