ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পূর্বশর্ত হিসেবে তেহরানকে তাদের পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণের সক্ষমতা দৃশ্যমানভাবে কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতের আশ্বাসের চেয়ে ইরানকে এখন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
সোমবার আলাস্কায় নির্বাচনী প্রচার শেষে ভ্যান্স বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে চায়, তবে তাদের ৬০ শতাংশ পর্যন্ত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, কেবল কথার বিনিময়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করবে না।
গত কয়েক সপ্তাহে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশ পরস্পরের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযান আরও জোরদার হতে পারে বলে সতর্ক করেছেন।
এই আলোচনার ক্ষেত্রে অন্যতম বড় জটিলতা হিসেবে ভ্যান্স ইরানের সিদ্ধান্ত গ্রহণের অস্পষ্টতাকে চিহ্নিত করেছেন। তিনি জানান, ওয়াশিংটন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ রাখলেও ইরানের ক্ষমতার কাঠামোয় তাদের কর্তৃত্ব কতটা, তা নিয়ে নিশ্চিত নয়। যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই অনিশ্চয়তা আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। একই ধরনের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবি প্রত্যাখ্যান করেছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্পষ্ট নয়—এই ধারণা ভুল। উল্টো যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানই আলোচনার মূল বাধা বলে তিনি মন্তব্য করেন।
ভ্যান্স আরও জানান, তিনি সামরিক কমান্ডারদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে কিছু বাণিজ্যিক জাহাজে হামলা চালালেও জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করার ক্ষমতা তাদের নেই। আলোচনার নেতৃত্ব দেওয়ার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও, তিনি নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পই এই প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন।
চলমান এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এছাড়া যুদ্ধের পেছনে প্রতি মাসে প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় হওয়ায় এটি ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপের কারণ হয়েছে। আলাস্কায় নির্বাচনী প্রচারে ভ্যান্স ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেন এবং রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের পক্ষে প্রচার চালান। তবে ২০২৮ সালের নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।





