নিউগিনি প্রপার্টিজ ভাঙচুর মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের জামিন

Published: October 5, 2026, 10:54 am

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন প্রদান করেন। সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শেষে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে রোববার মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। ওই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করলে আদালত ২৮ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করে আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৫০টি গুলি ছোড়ার পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোঁটা ব্যবহার করে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় তারা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনার পর প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo