বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমানমন্ত্রী

Published: October 5, 2026, 8:45 am

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন যে, বর্তমান সরকারের কাছে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি আধুনিক ও নিরাপদ এভিয়েশন হাব প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি।

গত বছরের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিমানবন্দরের একটি আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল। এই প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। মন্ত্রী আরও জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার বিমান খাতের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটি’ গঠন করেছে। আইকাও (ICAO) অডিটকে সামনে রেখে সংস্থাটির পর্যবেক্ষণের সাথে দেশের সুনাম জড়িত থাকায় সকল কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে তিনি বলেন, ভিআইপি এবং সিআইপি নির্বিশেষে সকলের জন্যই অভিন্ন নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক। তিনি সকলকে এই প্রোটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিমানবন্দর যেহেতু রাষ্ট্রের কেপিআইভুক্ত এলাকা, তাই সেখানে অনুমোদনহীন ড্রোনের উড্ডয়ন ঠেকাতে ‘এন্ট্রি ড্রোন সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে স্ক্যানারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

অগ্নি দুর্ঘটনা মোকাবিলার ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, রেসপন্স টাইম আরও কমিয়ে আনতে হবে। ফায়ার সার্ভিস, এয়ারপোর্ট অপারেশনস সিকিউরিটি, মেডিকেল টিম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিশেষে মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য এবং এ বিষয়ে সবসময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin