কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সশস্ত্র হামলা

Published: October 4, 2026, 4:39 pm

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ব্যক্তিগত সফরে থাকা অবস্থায় তিনি এই হামলার শিকার হন। হামলাকারীরা এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িটিও ভাঙচুর করে।

ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছেন, বিএনপি সরকার গঠনের পর এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, একজন নেতাকে কতটা ভয় পেলে তারা এতটা উন্মাদ হতে পারে।

নাহিদ ইসলাম আরও বলেন, কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে বিএনপি সন্ত্রাসীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি পুরো ঘটনার বিস্তারিত জানেন না। তার ভাষ্যমতে, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসেছিলেন এবং প্রশাসনকে কোনো আগাম তথ্য দেননি। পুলিশ সুপার আরও বলেন, কে বা কারা হামলা করেছে তা শোনা যাচ্ছে এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy