কুষ্টিয়ার কুমারখালীতে লালন শাহের আখড়াবাড়িতে পরিদর্শনের সময় হামলার শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী সফরসঙ্গীদের নিয়ে মাজার প্রাঙ্গণে প্রবেশের পর লালনশিল্পীদের গান পরিবেশনের স্থানটি পরিদর্শন করছিলেন। সেই সময় একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং একপর্যায়ে তার ওপর চড়াও হন। হামলাকারীরা বাইরে থাকা তার গাড়িটিও ভাঙচুর করেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাজার প্রাঙ্গণে নিরাপদে নিয়ে যান।
এনসিবি’র কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব আবু তালহার অভিযোগ, এই হামলা পূর্বপরিকল্পিত। তিনি দাবি করেন, ছাত্রদল নেতা সংগ্রাম ও পাপনের নেতৃত্বে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ঘটনার সময় আখড়াবাড়ির গেটের সামনে পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু তারপরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনের বিষয়টি তাদের আগে থেকে অবহিত করা হয়নি। তিনি বলেন, বিষয়টি জানানো হলে তারা প্রয়োজনীয় পুলিশ প্রটোকলের ব্যবস্থা করতে পারতেন। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগামী ১৭ই অক্টোবর থেকে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনের ঠিক কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে একজন অতিথির ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন শেষে লালন শাহের আখড়াবাড়িতে গিয়েছিলেন।





