ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষজ্ঞ, নারী নেতৃত্ব, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নকারীদের মতামত নেওয়া হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিদেরও এই আলোচনার আওতায় আনা হবে।
রোববার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এর আগে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের নিজস্ব প্রস্তাবনা তুলে ধরেন। কমিটি জানিয়েছে, আলোচনার বাইরে যাদের লিখিত কোনো প্রস্তাব রয়েছে, তা কমিটির কাছে পাঠানোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে অংশ নেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৈঠকে উত্থাপিত প্রস্তাবসমূহ এবং লিখিত আকারে প্রাপ্ত যাবতীয় সুপারিশগুলো তাদের প্রস্তুতকৃত চূড়ান্ত রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।





