বিআইআইএন অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন গ্রামীণ হেলথটেক

Published: October 4, 2026, 2:28 pm

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অসামান্য স্বীকৃতি হিসেবে বিআইআইএন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘গ্রামীণ হেলথটেক লিমিটেড’। উদ্ভাবনী এআই-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন এবং কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেম গড়ে তোলার জন্য বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ডের "ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস" ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জমকালো আয়োজনে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুখী’র পক্ষ থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. আহমেদ আরমান সিদ্দিকী। এ সময় তাঁর সাথে প্রতিষ্ঠানের চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, অ্যাপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তিতে আয়োজক, বিচারক পর্ষদ ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই স্বীকৃতি আমাদের প্রতিটি মাঠপর্যায়ের লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার—যাঁরা 'সুখী'কে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। কারও ভৌগোলিক অবস্থানের ওপর স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নির্ভর করা উচিত নয়। এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজকে আরও বেগবান করবে।

‘সুখী’ অ্যাপ ও ইকোসিস্টেম মূলত গ্রামের প্রান্তিক ও ডিজিটাল সেবার বাইরে থাকা মানুষের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। এটি ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর), ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ওষুধ ডেলিভারি, হোম ডায়াগনস্টিকস, মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনাকে এক সুতোয় বেঁধেছে।

প্রতিষ্ঠানটির অ্যাপে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হেলথকেয়ার চ্যাটবট ও ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস) চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও ঝুঁকি শনাক্তকরণে সহায়তা করে। পাশাপাশি 'সুখী স্বাস্থ্য বন্ধু' ৬-ইন-১ ডিভাইসের মতো সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে ডোরস্টেপ সেবা ও রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে প্রতিটি পরিবারকে হেলথকেয়ারের একটি সংযুক্ত কেন্দ্রে পরিণত করছে গ্রামীণ হেলথটেক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy