ঢাবিকে বিশ্বমানের করার আহ্বান রাষ্ট্রপতির

Published: October 4, 2026, 10:31 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানটি দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। গণতন্ত্রের চর্চা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমেই গড়ে ওঠে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। পাশাপাশি গণতন্ত্রকে কার্যকর রাখতে বিরোধী দল ও প্রতিপক্ষকেও পর্যাপ্ত পরিসর দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতির মতে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য এবং একে নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh