বাংলাদেশ পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও নতুন পদায়নের আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পদায়ন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
অন্যান্য আদেশের মাধ্যমে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং এসবি’র পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে পিবিআই’র পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, এআইজি নিশাত এ্যঞ্জেলাকে টুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউ’র পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি এবং এসআরইউ’র পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা বাকি কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, এসআরবির পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।





