তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তাঞ্জানিয়ার পথে রওনা হন।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আরুসায় এই সম্মেলন চলবে। সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্মেলনের বিভিন্ন সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।
সম্মেলনের শেষ দিন অর্থাৎ ৯ অক্টোবর আইপিইউয়ের গভর্নিং কাউন্সিলের সভায় নতুন সভাপতি নির্বাচন করা হবে। আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে স্পিকার আগামী ১১ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।





