সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, রুখে দিলেন বনরক্ষীরা

Published: October 4, 2026, 5:28 am

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী একটি জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে বনদস্যুরা। তবে বনরক্ষীদের তাৎক্ষণিক তৎপরতা ও চার রাউন্ড গুলিবর্ষণের মুখে অপরাধীরা পিছু হটতে বাধ্য হয়। পরে তারা ট্রলারযোগে সাগরের দিকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাত ৯টার দিকে, যখন কটকা খালের সাগর মোহনায় পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’ নোঙর করা ছিল। ওই সময় একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে করে একদল বনদস্যু জাহাজের দিকে এগিয়ে আসে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান জানান, সাগর মোহনায় অবস্থানরত জেলেদের কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বনরক্ষীদের ধাওয়া খেয়ে এবং তাদের ছোড়া চার রাউন্ড গুলির মুখে বনদস্যুরা ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে চলে যায়।

বর্তমানে কটকায় ‘দি ওয়েভ-২’ এবং ‘আরালসী’ নামে দুটি জাহাজ অবস্থান করছে। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, জাহাজ দুটিতে দেশি-বিদেশি মোট ৯৭ জন পর্যটক রয়েছেন। বনরক্ষীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ থেকে পর্যটকরা রক্ষা পেয়েছেন। কোনো পর্যটক হতাহত হননি এবং জাহাজ দুটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে পর্যটকবাহী জাহাজকে লক্ষ্য করে এমন ঘটনার নজির আগে নেই। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো বনদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বনদস্যু দমনে কোস্ট গার্ডের টহল আরও জোরদার করা প্রয়োজন। সংশ্লিষ্টরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কটকাসহ সুন্দরবনের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ও সাগরসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy