রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুয়াং ক্লাবে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শুল্ক গোয়েন্দারা। শনিবার (৩ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)। ক্লাবটির মালিক শেখ নূর ইসলাম, যিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর হিসেবে পরিচিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তেজগাঁওয়ের এই ক্লাব ও বারের মালিকানা শেখ নূর ইসলামের। দীর্ঘদিন ধরে এই ক্লাবে অবৈধ জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালেও ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শনিবারের এই আকস্মিক অভিযানের সুনির্দিষ্ট কারণ কিংবা সেখান থেকে এখন পর্যন্ত কী পরিমাণ অবৈধ মালামাল বা আলামত উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ গুলশানে শেখ নূর ইসলামের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠানে বড় ধরনের অভিযান চালানো হয়। শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত করার অভিযোগে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। ওই অভিযানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার দায়ে শেখ নূর ইসলামের মোট চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়, যার মধ্যে দুটি গুদাম বৈধ ছিল।





