দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান

Published: October 3, 2026, 3:05 pm

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দৃঢ় উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান নেই এবং দেশের মানুষকে বিদেশি শাসনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

মন্ত্রী বলেন, অতীতে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হলেও ভবিষ্যতে এমন কোনো ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশের জনগণ নিজেদের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে। তিনি আরও উল্লেখ করেন যে, দলের হাইকমান্ড এবং নেতা তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত।

ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির এই অঙ্গসংগঠনটি প্রতিকূল পরিস্থিতিতেও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে সুসংগঠিত হয়েছে। তিনি ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকারীদের সমালোচনা করে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং ওলামা দলের রাজশাহী জেলা সদস্য সচিব কাজী মো. নুরুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh