বাংলাদেশ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের আবহাওয়ায় শুষ্কতার প্রবণতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই বিরতিতে ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। পরদিন রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এরপর মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এর আগে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং ঢাকায় ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





