সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। শনিবার দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং কলেজটির বাস্তবায়নে আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি যদি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত, তবে ১৯৯১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাদের সামনে প্রতিশোধ নেওয়ার অনেক সুযোগ ছিল। কিন্তু দলটি সেই পথে হাঁটেনি। এ সময় তিনি বিগত ২০ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করে বলেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদের দেশের মানুষের প্রতি আস্থা ছিল না। তারা শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি, বরং কেবল নিজেদের মুরুব্বিদের ওপর আস্থা রেখে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। ৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও তাদের টিকিয়ে রাখতে পারেননি, ফলে তারা এখন তাদের কাছেই আশ্রয় নিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।





