এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের

Published: October 3, 2026, 11:04 am

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ আবারও ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের মাইলফলকের কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার মাত্র এক দিনেই তাঁর সম্পদের পরিমাণ ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের রিয়েলটাইম বিলিয়নিয়ার্স তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন বা ৯৭ হাজার ৯৭০ কোটি ডলারে।

মাস্কের এই বিশাল সম্পদ বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করেছে তাঁর মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম বৃদ্ধি। গত শুক্রবার স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে গত ২৪ ঘণ্টায় কোম্পানিটির কয়েকটি মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ, যার ফলে শেয়ারের দাম ১৫৮ দশমিক ৮৪ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে, টেসলার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেসলা ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, টানা তৃতীয় বছর গাড়ি সরবরাহ কমার ঝুঁকি এড়ানো সম্ভব হতে পারে।

এক দিনে মাস্কের সম্পদ বৃদ্ধির এই অংক বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকার সমপরিমাণ। প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ, মাত্র একদিনেই মাস্কের সম্পদ বাংলাদেশের বাজেটের প্রায় ৮০ ভাগের সমান বেড়েছে।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকায় ইলন মাস্ক বর্তমানে শীর্ষস্থানে রয়েছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগে গত ১২ জুন মাস্ক প্রথমবারের মতো বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছিলেন, যখন তাঁর সম্পদের পরিমাণ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। স্পেসএক্সের শেয়ারের দর ওঠানামার কারণে এরপর তিনি কয়েকবার ট্রিলিয়নিয়ার হওয়ার মর্যাদা পেয়েছেন এবং আবার হারিয়েছেন। জুন মাসের শেষ দিকে স্পেসএক্সের শেয়ারের দর ৩১ শতাংশ কমে যাওয়া এবং টেসলার সঙ্গে করা একটি চুক্তির কারণে ১১৬ বিলিয়ন ডলার শেয়ারের হিসাব থেকে বাদ পড়ার ফলে তিনি এই মর্যাদা হারান। জুলাই মাসে স্পেসএক্সের শেয়ারের দাম সর্বোচ্চ থেকে প্রায় ৫০ শতাংশ কমে যাওয়ায় মাস্কের সম্পদ ৭০০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল। তবে বর্তমানে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের মূল্যবৃদ্ধির সাথে সাথে মাস্কের সম্পদ ফের দ্রুত বাড়ছে।

ওই মাসে স্পেসএক্সের শেয়ার ১৫০ ডলারে লেনদেন শুরু হলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

একই সময়ে টেসলার সঙ্গে করা একটি চুক্তির কারণে মাস্কের ১১৬ বিলিয়ন বা ১১ হাজার ৬০০ কোটি ডলারের শেয়ার তাঁর সম্পদের হিসাব থেকে বাদ দেয় ফোর্বস।.এরপর ২৯ জুন তিনি আবার সাময়িকভাবে ট্রিলিয়নিয়ারের মর্যাদা ফিরে পান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo