কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

Published: October 3, 2026, 10:15 am

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। প্রকল্পের পরিচালক (পিডি) ড. করিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির এই চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে গাড়িবহরটি ঈশ্বরদীতে নিয়ে আসা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সরকার জানান, মুলাডুলি থেকে প্রকল্পের অভ্যন্তর পর্যন্ত কড়া নিরাপত্তার মাধ্যমে এটি আনা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থার মাধ্যমে নতুন সূচিতে চালানটি দেশে আনা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (বায়রা) কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এ বিষয়ে জানান, নির্ধারিত রুটে অনুমতি না পাওয়া গেলে চীন হয়ে বিকল্প পথে জ্বালানি আনার প্রস্তুতি কর্তৃপক্ষের রয়েছে।

রোসাটমের সূচি অনুযায়ী, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দুই ইউনিটের জন্য আরও পারমাণবিক জ্বালানি আসার কথা রয়েছে। প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টিসহ মোট ৯টি ফ্লাইটে এই জ্বালানি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়েছিল, আর এই চালানের মাধ্যমে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের নতুন পর্যায় শুরু হলো।

প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। সম্প্রতি ইউনিটটির সেফটি ভালভের ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রিটিক্যালিটি পর্যায়ে যাওয়ার আগে আরও তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৩: ২৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৩: ৩৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh