হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে মারধর ও নির্বাহী পরিচালককে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ এ সময় প্রিজন ভ্যানের ভেতর থাকা এক পুলিশ সদস্যের দিকে আঙুল তুলে তাকে শাসাতেও দেখা যায়। পরে গাড়ি থেকে নামার সময় নিজের মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’
আদালতের শুনানির পর্বেও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে কথা বলেন আখতারুজ্জামান। এই মামলাটিকে একটি সাজানো ষড়যন্ত্র দাবি করে তিনি আদালতে বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’
এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজারকে মারধর ও নির্বাহী পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।





