কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৬৩ জন আটক

Published: October 3, 2026, 8:47 am

কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ৩৬৩ জন সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে কুখ্যাত 'রতন গ্রুপ'-এর প্রধান মো. রতনকেও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে পাঁচ দফায় জেলাজুড়ে পরিচালিত এই অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হলো।

শনিবার (৩ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান। তিনি জানান, কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকাগুলোয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে এ অভিযান চালানো হয়। আটক হওয়া ৩৬৩ জনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এবারের অভিযানে গ্রেফতার হওয়া মো. রতন ২০২২ সালে কুমিল্লা মিশনারী স্কুলের সামনে সংঘটিত শাহাদাত হোসেন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া এই গ্যাং লিডারের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগের চার দফায় জেলাজুড়ে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ মিলেছে, কেবল তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin