মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার এবং পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটানোর লক্ষ্যে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এই অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দকৃত ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। ছাড়কৃত এই অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন অনুদান খাতে সমন্বিত হবে।
দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে এই অর্থ ছাড় দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ বিল দাখিলের মাধ্যমে জেলা বা উপজেলা ট্রেজারি থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।
মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত শর্তে স্পষ্ট করা হয়েছে যে, এই বরাদ্দ কেবল মৃত মুক্তিযোদ্ধার সৎকার, সমাহিতকরণ এবং মরদেহ পরিবহনের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারবে। অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ ব্যয় করার সুযোগ নেই। পাশাপাশি, সরকারি সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রকার অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ৩০ জুন ২০২৭ তারিখের পর যদি কোনো অর্থ অব্যয়িত থাকে, তবে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এছাড়া, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট দপ্তরে এই আদেশ প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকে অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান এই আদেশে স্বাক্ষর করেছেন।





