ভারতে মাওবাদী বিরোধী অভিযানের দীর্ঘ ধারায় এক বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাহিনীটির বিশেষ অভিযানে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল, যিনি সাংগঠনিকভাবে 'আকাশ' নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে পলাতক থাকা এই মাওবাদী নেতার মাথার দাম ছিল ২ কোটি ২০ লক্ষ রুপি।
প্রাথমিক তথ্যানুযায়ী, চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে অসীম মণ্ডল ওই এলাকায় এসেছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তারের খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফল অভিযানের জন্য তিনি কলকাতা পুলিশের এসটিএফ-কে বিশেষভাবে প্রশংসা করেছেন।
মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, পশ্চিমবঙ্গে লাল সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি জানান, রাজ্যের কোথাও মাওবাদী তৎপরতা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে রাজ্য সরকার তা কঠোর হাতে দমন করবে। এছাড়া পুলিশের দক্ষতা ও সতর্কতার বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে মাওবাদীমুক্ত ভারত গড়ার লক্ষ্যে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এর ফলে অনেক মাওবাদী হয় আত্মসমর্পণ করেছেন, নয়তো অভিযানে নিহত হয়েছেন। তবে আকাশ এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন এবং জঙ্গল এলাকায় থেকে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন।
আকাশের মাওবাদী জীবনের ইতিহাস বেশ দীর্ঘ। প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০-র দশকে কলেজজীবন থেকেই তিনি বাম উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সিপিআই (মাওবাদী)-র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিষানজির মৃত্যুর পর তিনি পশ্চিমবঙ্গের মাওবাদী সংগঠনের নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘদিন জঙ্গল এলাকায় থেকে সংগঠন পরিচালনা করেন।





