ইসরায়েলি রুটের ফ্লাইদুবাই বিমান বিধ্বস্তের পরিকল্পনা ছিল সহকারী পাইলটের

Published: October 3, 2026, 4:15 am

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে নাশকতার চেষ্টা এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হয়েছেন সহকারী পাইলট হামাম আল হামামি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইদুবাই বিমান ইসরায়েলে নিয়ে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন তিনি। ওমানের নাগরিক হলেও সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণকারী হামামির পিতা ওমানি এবং মা সিরীয়। অভিযোগ আছে যে, বেশিরভাগ সময় সিরিয়ায় কাটানো হামামি উগ্রপন্থি মতাদর্শে গভীরভাবে প্রভাবিত ছিলেন। ওমানে থাকাকালে উগ্রপন্থি মতাদর্শ গ্রহণের আশঙ্কায় তাকে উড্ডয়ন থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

২০২৪ সালে আলহামামি ওমান এয়ারের সহকারী পাইলট প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করার সময় তার কাছে উগ্রপন্থি বিভিন্ন উপকরণ পাওয়া গিয়েছিল। এরপর তাকে ওই এয়ারলাইনসে প্রশাসনিক পদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হলেও নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত হওয়ার পর তাকে বিমান চালানো থেকে নিষিদ্ধ করা হয়। কিন্তু ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই তাকে নিয়োগ দেয়। এর ফলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সংবেদনশীল এই রুটে বিমান চালানোর সুযোগ পান তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আলহামামি ফ্লাইদুবাইয়ে মাত্র আট মাস কাজ করেছিলেন। মুছে ফেলা একটি লিংকডইন প্রোফাইলে হামাম আলহামামি নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। এরপর ২০২৫ সালের জুনে তিনি রয়্যাল এয়ার মারকোতে যোগ দেন এবং চলতি বছরের জানুয়ারিতে সেটিও ছেড়ে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। ফ্লাইদুবাইয়ের ঘটনার প্রায় নয় ঘণ্টার মধ্যে ওই প্রোফাইল থেকে দুটি পোস্ট দেয়া হয়েছিল, যার দুটিই ছিল সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট। প্রথম পোস্টে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিটের ভিডিও ক্লিপ ছিল, যেখানে ইসরায়েলি বিমান সংস্থা এল আল-এর একটি বিমানকে জুম করা হয়। ভিডিওর শেষে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার নেতৃত্ব দেয়া আয়মান আল-জাওয়াহিরি এবং ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বোমা হামলাকারী হামাম খলিল আবু-মুলাল আল-বালাওয়ির ছবি দেখানো হয়। অন্য একটি পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মক্কা, মদিনা ও জেরুজালেমের ছবি ছিল, যার পেছনের কবিতায় মর্যাদা রক্ষা ও মৃত্যুকে ভয় না পাওয়ার কথা বলা হয়েছিল।

সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, আলহামামির মুছে ফেলা এক্স অ্যাকাউন্টের পোস্টগুলোতে তাকে গভীরভাবে ধর্মপ্রাণ ও নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে। গত সপ্তাহের শুরুতে ফ্লাইদুবাইয়ের একটি বিমানে নাশকতার সময় বিমানটিতে ২৪ শিশুসহ ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন। বোয়িং ৭৩৭ বিমানটি যখন ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, তখন তিনি ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন। ওই সময় বিমানটি প্রতি মিনিটে প্রায় ২৩ হাজার ফুট গতিতে নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় নেমে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin