বিশ্বজুড়ে জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জি-৭ ভুক্ত দেশগুলো। জোটের নেতারা এক বৈঠকের পর জরুরি মজুত থেকে আগামী চার মাসে মোট ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে এই সরবরাহ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জি-৭ নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি পণ্য রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে—এমন যেকোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার বিষয়টি তারা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে বিশ্বের অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকেও এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
নেতারা আরও জানিয়েছেন, জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন। এতে ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের অন্যান্য সদস্য দেশ অংশ নেয়।





