যমুনার চরে কাশফুলের সাদা গালিচা, পড়ন্ত বিকেলে দর্শনার্থীদের ঢল

Published: October 2, 2026, 5:15 pm

শরতের আগমনে সিরাজগঞ্জে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে ধবধবে সাদা কাশফুলের সমারোহ ঘটেছে। যমুনার বুকে জেগে ওঠা চরে মাইলের পর মাইল জুড়ে ফুটে থাকা এই কাশফুল চরাঞ্চলের রূপ বদলে দিয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন পড়ন্ত বিকেলে নদী তীরবর্তী ও চরের বিভিন্ন স্পটে ভিড় জমাচ্ছেন শত শত প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থী। অনেকে নৌকাভ্রমণের পাশাপাশি কাশফুলের ছোঁয়া নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজিপুর, চৌহালী, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এই কাশফুল ফুটেছে। বিশেষ করে কাজিপুর উপজেলার চরাঞ্চলগুলোতে এই ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি নজর কাড়ছে। সাদা কাশফুলের এই মৃদু দোলা যমুনার বুকে এক অপরূপ মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে, যা ভ্রমণপিপাসুদের জন্য চরাঞ্চলটিকে একটি চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত করেছে।

প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা সিরাজগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর চায়না বাঁধ, যমুনার বুকে জেগে ওঠা চর, কাজিপুর উপজেলার মেঘাই নৌবন্দর, তেকানি বাঁধ এবং শহীদ এম মনসুর আলী ইকোপার্কসহ বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন। পড়ন্ত বিকেলের শীতল বাতাসে কাশফুলের ঢেউ খেলার দৃশ্য দেখতে আসা তরুণ-তরুণী ও প্রেমিক-প্রেমিকারা এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। অনেকেই এই মনোরম দৃশ্যকে সাক্ষী রেখে নিজেদের সম্পর্কের নতুন গল্প তৈরি করছেন।

দর্শনার্থীদের এই উপচে পড়া ভিড়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শরতের এই কাশফুলের সৌন্দর্য ও যমুনা পাড়ের শীতল বাতাস উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। বিশেষ করে বিকেল বেলা এই ভিড় অনেক বেড়ে যায়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যমুনার পাড়সহ সংশ্লিষ্ট দর্শনীয় স্থানগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh