কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। শুক্রবার বেলা দেড়টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। নাসির উদ্দিন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের এবং জাহাঙ্গীর আলম মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, অভিযুক্তরা কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, এই দুই নেতার বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





