ঢাকায় কনস্যুলার মোবাইল মিশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিস্থ রোমানিয়ার দূতাবাস। আগামী ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ভিসা কার্যক্রমটি পরিচালিত হবে। শুক্রবার দিল্লির রোমানিয়া দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত আনক্লজ ভবনে এই কনস্যুলার সেবা প্রদান করা হবে।
এই মিশনের মাধ্যমে মূলত শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবার ক্ষেত্রেও সহায়তা করবে দূতাবাস।
তবে ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেছে রোমানিয়া দূতাবাস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, শুধুমাত্র রোমানিয়ার সরকারি ই-ভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পাওয়া আবেদনকারীরাই এই মিশনে আবেদন জমা দিতে পারবেন। যেসব আবেদনকারী ই-ভিজা পোর্টাল থেকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই কনস্যুলার মিশনের সময় আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের তাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করে নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র সাথে নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলার মিশনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়াতেই দূতাবাস এসব নির্দেশনা প্রদান করেছে।





