রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা এবং ২টি সুইচ গিয়ার চাকু। এছাড়া অভিযানে ৫টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি এসএসডি কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিভাগের ভিত্তিতে পরিসংখ্যান তুলে ধরে পুলিশ জানায়, মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গুলশান বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





