সমাজকে আনন্দ দিতেই আমার সংগীতের যাত্রা: জেমস

Published: October 2, 2026, 4:05 am

সংগীতজগতের ‘গুরু’ ও নগরবাউলখ্যাত মাহফুজ আনাম জেমসের আজ জন্মদিন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও গিটার হাতে গানের মধ্যেই তিনি খুঁজে ফেরেন জীবনের আসল আনন্দ। সংগীতের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার অঙ্গীকার নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এই শিল্পী জন্মদিনে নিজের জীবনদর্শন ও সংগীতের নানা দিক নিয়ে কথা বলেছেন।

জন্মদিন উদযাপন প্রসঙ্গে জেমস বলেন, ‘জন্মদিন তো একটাই, যেদিন তুমি জন্মেছ। এরপর এগুলো তো জন্মদিন নয়। যেদিন জন্মেছ, আর যেদিন মারা যাবে মৃত্যুদিন, এই দুইটাই আছে। আমি সমাজ বদল করতে আসিনি। আমি সমাজকে আনন্দ দিতে এসেছি। মানুষ বারবার তো জন্ম নেয় না। জন্মদিন একটাই। আমি কোনো দিনই এভাবে বিশেষভাবে জন্মদিন কাটাই না। এমনিতেই পরিবারের সঙ্গে থাকব, পরিবারের সঙ্গে সময় কাটাব।’

সংগীতের বিবর্তন নিয়ে জেমস মনে করেন, অনেক শিল্পধারা হারিয়ে গেলেও কিছু ধারা মানুষ ভালোবাসা ও আবেগ থেকেই ধরে রেখেছে। গান মানুষের জন্য—এমন মত প্রকাশ করে তিনি বলেন, ‘গান বানিয়েছে, মানুষ গান শুনবে, গান গাইবে। পথে-ঘাটে যে যার ইচ্ছামতো গান গাইবে, নিজের মতো করে গাইবে। সংস্কৃতি তো নদীর মতো, এটা বয়ে চলবে। বাধা দিলে এটা বাধাগ্রস্ত হবে। যে যার গান করছে, করতে থাকুক। তবে গান তো বানানোই হয়েছে মানুষকে শোনানোর জন্য এবং গাওয়ার জন্য।’

নতুন গান করার আগ্রহের কথা জানালেও জেমস বর্তমান সময়কে নতুনদের বলে অভিহিত করেছেন। তার ভাষ্যে, ‘নতুন গান করার ইচ্ছা অবশ্যই আছে। এই সময়ে প্রচুর নতুন, ভীষণ প্রতিভাবান অনেক শিল্পী আসছে। এখন তাদের সময়, তারা করবে। একটা সময় থাকে, এখন নতুনদের সময়। নতুনরা গান বের করছে, শোনো তাদের গান।’

উল্লেখ্য, ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তবে তার বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি গভীর টানে পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে শুরু হয় তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ পথচলায় নিজের স্বতন্ত্র গায়কী ও সৃষ্টিশীলতার মাধ্যমে শ্রোতাদের কাছে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin