জমজমের পানি দিতে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Published: October 2, 2026, 3:44 am

মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে অবহেলার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, মদিনা থেকে ছেড়ে আসা বিমানের ‘বিজি-৩৩৮’ ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জন্য আনা জমজমের পানি সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এই অবহেলার কারণেই যাত্রীদের ব্যাগেজ বেল্টে পানি পৌঁছাতে দেরি হয়। সেবার মান বজায় রাখা এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করতেই অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নজরে আসার পরপরই ওমরাহ হাজীদের সাময়িক দুর্ভোগ লাঘবে বিমান কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়। পরবর্তীতে বিলম্বিত কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা যাত্রীদের সর্বোচ্চ মানের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh