দেশের অভ্যন্তরে একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে ভূমিকম্পটি মৃদু হওয়ায় সাধারণ মানুষ এটি সেভাবে টের পাননি বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, নরসিংদীর এই ভূমিকম্পটি ভূপুরষ্ঠের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এনসিএসের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্পটির উৎপত্তি হয় এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী থেকে ১৬ কিলোমিটার উত্তরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই ভূমিকম্পটি রেকর্ড করেনি, যদিও তারা এদিন সারা বিশ্বে ৪০টির বেশি ভূমিকম্প রেকর্ড করেছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীর শিবপুরেই ৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।





