রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: September 17, 2026, 10:59 am

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এবং ধানমণ্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে গুলশান লেকে দূষণের উৎস হিসেবে ছয়টি প্রাইমারি ও ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করার তথ্য তুলে ধরা হয়। এই পয়েন্টগুলো দিয়েই মূলত দূষিত পানি ও পয়ঃবর্জ্য লেকে প্রবেশ করছে। সমস্যা সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর সামনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশমালা উপস্থাপন করেছে। এর মধ্যে ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান স্যুয়েজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপ চালানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করে বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত অবৈধ পয়ঃনিষ্কাশন সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রী লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভাসমান এক্সকাভেটরের মাধ্যমে লেকের তলদেশের স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গুলশান-বনানী এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও ক্যাচমেন্ট এরিয়া তৈরির পাশাপাশি শর্তসাপেক্ষে স্যুয়েজ বিল আদায়ের বিষয়টিও নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর স্থাপন এবং দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগের প্রস্তাবও বৈঠকে আলোচিত হয়েছে।

একই সঙ্গে ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেওয়া পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। রাজউকের আওতাধীন লেকগুলোর সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে ৪২ জন জনবলের পাঁচটি বিশেষ টিম কাজ করছে বলেও জানানো হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy