পুলিশের কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে সরকার একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এই বিশেষায়িত ইউনিটের নেতৃত্ব দেবেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এই ইউনিটে ৪ হাজার ৫৯২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বিভাগীয় পর্যায়ে পুলিশের উপমহাপরিদর্শক এবং জেলা পর্যায়ে পুলিশ সুপাররা এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন। এছাড়া থানা পর্যায়েও এসআই, এএসআই এবং কনস্টেবল পদমর্যাদার সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিদ্যমান জনবল থেকে যতটা সম্ভব শূন্যপদ পূরণ করা হবে এবং পরবর্তীতে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিশ্চিত করা হবে।
নতুন এই ইউনিটটি প্রযুক্তি ও মেধানির্ভর হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সাইবার অপরাধ দমনে পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অপরাধীদের শনাক্ত ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ফরেনসিক ল্যাব এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া সাইবার সিকিউরিটি আইনকে আরও আধুনিক করার কাজ চলছে, যেখানে সংবাদমাধ্যম ও অংশীজনদের মতামতের ভিত্তিতে মিডিয়া যেন কোনোভাবেই আইনের শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
ইউনিটটিতে সাইবার প্যাট্রলিং ও ক্রাইম অনুসন্ধানে দক্ষ জনবল নিশ্চিত করতে সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টের মতো বিশেষায়িত পদ রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, নিয়মিত নিয়োগের পাশাপাশি প্রয়োজনে চুক্তিভিত্তিকভাবে বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে। এই বিশেষজ্ঞদের জন্য আলাদা বেতনকাঠামো থাকবে। এছাড়া নিয়মিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা উপযুক্ত, তাদের দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সিনিয়র কর্মকর্তাদের একটি দলকে বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনা হবে যারা এই ইউনিটকে মনিটর, গাইড ও নেতৃত্ব দেবেন। বিশেষজ্ঞ হিসেবে যারা অবদান রাখবেন, তাদের জন্য প্রণোদনার ঘোষণাও দেওয়া হয়েছে।





