প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং আইন সবার জন্য সমান—এটি নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনে দেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছিল এবং কথা বলার সুযোগ পায়নি। তৎকালীন সরকার মানুষের কষ্ট ও দুর্দশা নিরসনে কোনো গুরুত্ব দেয়নি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের বিদায়ের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্বের অংশ হিসেবেই দল এখন আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। গত ১৭ বছরে আইনের শাসন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা থেকে উত্তরণের জন্য বিএনপি ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটাবে।
সাম্প্রতিক অরাজকতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল ও গুপ্তদল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ কারখানা চালুর মতো জনকল্যাণমূলক উদ্যোগ বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। ১৯৭১ সালে অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময় তারা মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল, আর এখন ঠিক একইভাবে তাদের গুপ্তবাহিনীর সদস্যরা নারীদের ওপর নির্যাতন শুরু করেছে। যারা এই বিষয়ে নসিহত করছেন, তাদের আগে নিজেদের ঘরের নারী নির্যাতন সামাল দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনার তদন্ত চলছে এবং তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
এর আগে প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করেন। পরশুরামের কর্মসূচি শেষে তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মানী প্রদানের কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।





