আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বর্তমান সম্পর্কের টানাপোড়েন এবং তালেবান বিষয়ক ইসলামাবাদের নীতি নিয়ে করা এক প্রশ্নের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নিউইয়র্কে এক সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি খোলাখুলি বলেন যে, আফগানিস্তান ভালো প্রতিবেশী নয়।
সাংবাদিক নাজিরা কারিমি যখন খাজা আসিফের কাছে পাকিস্তানের সঙ্গে তালেবানের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বর্তমানে আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদের অবস্থান সম্পর্কে জানতে চান, তখন মন্ত্রী এই কঠোর মন্তব্য করেন। তিনি আরও বলেন, গত চার দশক ধরে আফগান নাগরিকদের আশ্রয় দিয়ে পাকিস্তান একটি বড় ভুল করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, একসময় পাকিস্তানে আফগান নাগরিকের সংখ্যা প্রায় ৪৫ লাখে পৌঁছেছিল। দুই দেশের মধ্যে বর্তমানে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাসবাদ এবং আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। পাকিস্তানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, আফগান তালেবান কর্তৃপক্ষ টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান ও আফগানিস্তান এখন একে অপরের ওপর নিরাপত্তা পরিস্থিতির অবনতির দায় চাপাচ্ছে। এই দীর্ঘস্থায়ী বিরোধের মীমাংসা হওয়ার মতো কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।





