দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Published: October 1, 2026, 8:51 am

প্রধানমন্ত্রী তারেক রহমান তার দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফেনীতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, আজ দুপুর সোয়া একটার দিকে তিনি ফেনীতে পৌঁছান এবং এরপর তার গাড়িবহর পরশুরামের দিকে যাত্রা করে। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন। সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি অবস্থিত। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনটি খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত, যেখান থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামের খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)' প্রকল্পের উদ্বোধন করবেন। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তীতে তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে তিনি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

সফরের শেষভাগে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন। এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৫১০টি ফ্যামিলি কার্ড এবং ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী প্রদান করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh