ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে মুক্তি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহদী আমিন ঘটনার বর্ণনা দিয়ে জানান, দৌলতপুরের ওই বিদ্যালয়ে শিক্ষকের মন্তব্যের জেরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেন, যেন ওই শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর পুলিশ তাকে নিরাপদে তার বাসভবনে পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। তিনি মনে করেন, কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান জানানো উচিত। ইতিবাচক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতিই সমাজকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।





