আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক রাতে আল্লাহর রাসুল (সা.) তাকে ফিতরার খাদ্যশস্য পাহারার দায়িত্ব প্রদান করেন। এই শস্য দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য জমা রাখা হয়েছিল। গভীর রাতে এক আগন্তুক এসে খাদ্যশস্য চুরি করতে শুরু করলে আবু হুরায়রা (রা.) তাকে ধরে ফেলেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর কাছে নিয়ে যাওয়ার হুমকি দেন। তখন সেই ব্যক্তি নিজেকে অত্যন্ত অভাবী এবং বহু পোষ্যের অধিকারী দাবি করে দয়া ভিক্ষা চাইলে আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দেন।
পরদিন সকালে রাসুলুল্লাহ (সা.) আবু হুরায়রা (রা.)-এর কাছে জানতে চান, গত রাতে বন্দি ব্যক্তিটির কী হলো। তিনি সব খুলে বললে নবীজি (সা.) জানান যে, সেই ব্যক্তি মিথ্যা বলেছে এবং সে আবারও ফিরে আসবে। আল্লাহর রাসুলের কথা অনুযায়ী আবু হুরায়রা (রা.) সতর্ক ছিলেন এবং সত্যিই সেই ব্যক্তি দ্বিতীয় রাতে পুনরায় শস্য নিতে এলে তিনি তাকে হাতেনাতে ধরে ফেলেন। এবারও সে অভাবের দোহাই দিয়ে আর না আসার প্রতিশ্রুতি দিলে আবু হুরায়রা (রা.) দয়া পরবশ হয়ে তাকে মুক্তি দেন।
পরদিন সকালে নবীজি (সা.) পুনরায় জানতে চাইলে আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দেওয়ার কথা জানান। নবীজি (সা.) আবারও নিশ্চিত করেন যে সে মিথ্যুক এবং আবার আসবে। তৃতীয় রাতে যখন সেই ব্যক্তি আবারও ধরা পড়ে, তখন সে আবু হুরায়রা (রা.)-কে একটি বিশেষ আমল শেখানোর বিনিময়ে মুক্তি চায়। সে জানায়, শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষী নিযুক্ত হয় এবং ভোর হওয়া পর্যন্ত শয়তান তার ধারেকাছে ঘেঁষতে পারে না। এই আমলের কথা শুনে আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দেন।
পরদিন সকালে আল্লাহর রাসুল (সা.)-কে এই আমলের কথা জানালে তিনি বলেন, এবার সে সত্য বলেছে, যদিও সে মূলত একজন মিথ্যুক। এরপর নবীজি (সা.) আবু হুরায়রা (রা.)-কে জিজ্ঞেস করেন, তিনি জানেন কি না গত তিন রাত তিনি কার সঙ্গে কথা বলেছেন। আবু হুরায়রা (রা.) অজানা জানালে রাসুলুল্লাহ (সা.) জানান, সেই আগন্তুকটি ছিল স্বয়ং শয়তান (বোখারি : ২৩১১)।
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম। লা তা খুজুহু সিনাতুও ওয়া লা নাওম। লাহু মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরজি। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহি তুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়া সিআ কুরসিইয়ুহুস সামা ওয়াতি ওয়াল আরজি, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিউয়ুল আজিম।
আয়াতুল কুরসির বাংলা অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না ও নিদ্রাও নয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবকিছু তাঁরই। কে আছে এমন যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাঁদের সামনে কী আছে ও পিছনে কী আছে সবই তিনি জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ব করতে পারে না। তাঁর কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তাঁর কষ্ট হয় না। এবং তিনিই সর্বোচ্চ ও মহান।





