সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের গ্রামাঞ্চলে একটি বাসে গুলিবর্ষণের ঘটনায় সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার মাশিয়াফ সেতুর কাছে বাসটিতে এই হামলা চালানো হয় বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) নিশ্চিত করেছে। প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের বরাতে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন জানায়, একটি অজ্ঞাতনামা গোষ্ঠী বাসটিতে এই হামলা চালিয়েছে। হামলার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের কাজ শুরু করেন। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এমন সহিংসতা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





