দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার কর্তৃক যাত্রী পরিবহনের জন্য নতুন করে ভাড়া পুনঃনির্ধারণ করা হলো।
পুনঃনির্ধারিত এই ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।
এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, নির্ধারিত ভাড়ার এই হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।





