মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ৭০ বছরের জীবনসঙ্গী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর মাত্র দুই দিনের মাথায় ১০১ বছর বয়সী এই নেতাকে হাসপাতালে নেওয়া হলো। গত মঙ্গলবার রাতে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) তাকে ভর্তি করা হয়। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মাহাথিরের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সুবিধার্থে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। বর্তমানে চিকিৎসকেরা তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। এদিকে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন মাহাথিরের ছেলে মোখজানি। তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মাহাথির মোহাম্মদের ওপর দিয়ে প্রচণ্ড মানসিক ধকল গেছে। পেশায় চিকিৎসক এবং জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত সিতি হাসমাহ গত সোমবার ১০০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন মাহাথির। স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন করার সময় মালয়েশিয়ার সাবেক রাজার সঙ্গে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। সে সময় আবেগাপ্লুত হয়ে তাকে বলতে শোনা যায়, তিনি আজকেই মারা যাবেন, তা আমি ভাবতেও পারিনি।





