মাহাথির মোহাম্মদের স্ত্রীর প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শেষ শ্রদ্ধা

Published: September 28, 2026, 9:50 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রয়াত স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তারা তামান সুংগাই বেসি ইন্দাহ এলাকার মসজিদ আস-শরিফে পৌঁছান। সেখানে সিতি হাসমাহর জানাজার আগে রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা তেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ।

এর আগে দুপুর ১টা থেকেই সাধারণ মানুষ মসজিদে আসতে শুরু করেন। শোকাবহ পরিবেশে তারা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে সিতি হাসমাহর মরদেহ সেরি কেমবাঙ্গানের দ্য মাইনস এলাকার পারিবারিক বাসভবন থেকে মসজিদে নিয়ে আসা হয়। মাহাথির মোহাম্মদ আলাদা গাড়িতে করে মসজিদে পৌঁছান, এ সময় তিনি সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক বাজু মেলায়ু পরিহিত ছিলেন।

মসজিদে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ, সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্রধান অ্যাডমিরাল জুলহেলমি ইথনাইন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান। এছাড়া যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল ও মুয়ারের সংসদ সদস্য সৈয়দ সাদ্দিক সৈয়দ আবদুর রহমানকেও সেখানে দেখা যায়।

সিতি হাসমাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের প্রতি তার সেবা ও নিষ্ঠা, বিশেষ করে দাতব্য কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণের প্রতি তার আন্তরিকতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা দিয়েছেন এবং সরকারি প্রধান সচিব ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মালেক রাজাক সুলাইমানকে দাফন আয়োজনের কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

১০০ বছর বয়সী সিতি হাসমাহ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে মালয়েশিয়ার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজা শেষে পুত্রজায়ার প্রেসিন্ট ২০ মুসলিম কবরস্থানে সিতি হাসমাহকে দাফন করার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy