এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Published: September 17, 2026, 8:55 am

সাভারের আমিনবাজারে নৃশংস হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এই নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।

নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের কল্যাণে নেওয়া সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে পরিবারটিকে ৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া তাদের পারিবারিক ব্যবসা সচল রাখতে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ থেকে প্রয়োজনীয় ঋণ ও সার্বিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে কর্মজীবনে মরহুম আলতাফের সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট একটি বিরোধ মেটাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তাঁর বড় ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায়। বাবাকে বাঁচাতে গিয়ে তাঁর ছোট ছেলে মো. আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসআই আলতাফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

১৯৮৬ সালে সিরাজগঞ্জ থেকে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মো. আলতাফ হোসেন দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে ডিএমপি, রাঙামাটি, আরআরএফ রাজশাহী, আরএমপি ও বরিশাল জেলায় দায়িত্ব পালন করেছেন। ২০১১ সাল থেকে তিনি ঢাকা স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh