বিরোধীদলীয় নেতার বাসভবনে ব্রুনাইর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Published: September 27, 2026, 9:10 am

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে দেশটির হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠক শেষে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh