বিশ্বমঞ্চে নজরকাড়া চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও ইংরেজি দক্ষতা

Published: September 27, 2026, 4:35 am

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং প্রেসিডেন্ট শী জিনপিংয়ের ওয়াশিংটন সফরের সময় চীনের ফার্স্টলেডি পং লিউয়ান তার গ্ল্যামার এবং 'সফট পাওয়ার' দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে নজর কেড়েছেন। ওয়াশিংটনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ট্রাম্পের প্রথম মেয়াদের পরিচয়ের সূত্র ধরে মেলানিয়া ও পং লিউয়ানের মধ্যে কুশল বিনিময় ও হাসিখুশি আলাপচারিতা ছিল বেশ দৃষ্টিগ্রাহ্য।

সফরকালে পং লিউয়ানের সাবলীল ইংরেজি বলার ভঙ্গি ইন্টারনেটে ব্যাপক প্রশংসিত হয়েছে। কোনো দোভাষীর সহায়তা ছাড়াই মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার এই সাবলীল কথোপকথন উপস্থিত সকলের নজর কাড়ে। হোয়াইট হাউসে অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের পত্নীরা ছবি তোলেন। পং লিউয়ান পুরো সফরজুড়েই নিখাদ চীনা সংস্কৃতির পোশাক পরিধান করে বিশ্বমঞ্চে চীনের ফ্যাশনকে অনন্যভাবে উপস্থাপন করেছেন।

দুই দেশের প্রধানরা যখন দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত ছিলেন, তখন মেলানিয়া ট্রাম্প ও পং লিউয়ান ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্ট পরিদর্শন করেন। সেখানে তারা ঐতিহাসিক 'পিকাক রুম'সহ চীনা শিল্পকলা ও এশীয় নকশা ঘুরে দেখেন। মিউজিয়াম পরিদর্শনের সময় একটি ইয়ুথ ক্যুইর বা শিশুদের গায়ক দলের পরিবেশনা উপভোগ করেন তারা। পং লিউয়ান নিজে চীনের একজন খ্যাতিমান সোপ্রানো সংগীতশিল্পী হওয়ায়, সুরের তালে তালে তিনি মৃদু গুঞ্জন তুলে তাদের সঙ্গে গলা মেলান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin