ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবার সক্রিয় হয়ে উঠেছে। ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে আকাশসীমায় প্রায় চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিশাল ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে সিসিলির আকাশসীমায় বিমান চলাচলের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এই অগ্ন্যুৎপাতের বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার কারণে বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আকাশসীমার ‘সি-১’ সেক্টরটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং কাতানিয়া বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ—উভয় ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার আগে বিমানবন্দরে প্রতি ঘণ্টায় অবতরণকারী ফ্লাইটের সংখ্যা ১২টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হলে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
ফ্লাইটগুলো সম্পূর্ণ স্থগিত করার আগে অন্তত ১০টি আইটিএ এয়ারওয়েজের ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচটি ফ্লাইটকে পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভোলোতিয়া এয়ারের আরও একটি ফ্লাইটকে কোমিসোর দিকে ডাইভার্ট করা হয়।
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৬





